বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে অনলাইনভিত্তিক অ্যাপের মাধ্যমে সার বিতরণ কার্যক্রম নিয়ে গণমাধ্যমকর্মীদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম সার বিতরণে ফার্টিলাইজার ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট সিস্টেম (এফডিএমএস) নামের অ্যাপের সুবিধা ও কার্যকারিতা তুলে ধরেন।
সভায় জানানো হয়, উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় অ্যাপটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে একজন কৃষক জাতীয় পরিচয়পত্র দেখিয়ে অ্যাপে তথ্য এন্ট্রি করার পর নির্ধারিত সার উত্তোলন করতে পারবেন। কোনো কৃষক একাধিকবার সার নিতে গেলে অ্যাপের মাধ্যমে তা শনাক্ত করা সম্ভব হবে।
সংশ্লিষ্টরা জানান, এ পদ্ধতির মাধ্যমে সার বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। পাশাপাশি ডিলারদের অনিয়ম, সার নিয়ে কারসাজি ও অব্যবস্থাপনা রোধেও এটি কার্যকর ভূমিকা রাখবে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে তৈরি এ ব্যবস্থার মাধ্যমে দীর্ঘদিনের সার সংকট ও বিতরণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
জানা যায়, বকশীগঞ্জ উপজেলার তরুণ শিক্ষার্থী হৃদয় হাসান রাফি অ্যাপটি তৈরি করেছেন।
অবহিতকরণ সভায় বকশীগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

