ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে মাদক সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে স্থানীয়রা। পরে তাদের দিয়ে বক্তারমুন্সী বাজারের দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনায় ভরা একটি পুকুর পরিষ্কার করানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের বগাদানা গ্রামের কালা সর্দার বাড়ির দুলাল মিয়ার ছেলে মোহাম্মদ সাকিব (৪০) এবং আমিরাবাদ ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের আব্দুল হাদির ছেলে জাহেদ আলম (৩৮)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের ডাকবাংলা সংলগ্ন জসিম ব্রিকস ফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, ওই দুই যুবক সেখানে মাদক সেবন করছিলেন। খবর পেয়ে মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনারের নেতৃত্বে স্থানীয়রা সেখানে গিয়ে তাদের আটক করেন। পরে তাদের বক্তারমুন্সী বাজারে নিয়ে আসা হয়। সেখানে দীর্ঘদিন ধরে অপরিষ্কার থাকা একটি পুকুর পরিষ্কারের কাজে তাদের নিয়োজিত করা হয়।
স্থানীয়রা জানান, এলাকায় মাদক সেবন ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিকভাবে সচেতনতা তৈরির অংশ হিসেবে তাদের দিয়ে পুকুরটি পরিষ্কার করানো হয়েছে।
সাবেক ইউপি চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার বলেন, ‘দুই ব্যক্তি ব্রিক ফিল্ডে গাঁজা সেবন করছেন—এমন খবর পেয়ে স্থানীয়দের নিয়ে সেখানে যাই। পরে তাদের আটক করা হয়। স্থানীয়দের পরামর্শে তাদের দিয়ে বক্তারমুন্সী বাজারের দীর্ঘদিনের ময়লা-আবর্জনায় ভরা পুকুরটি পরিষ্কার করানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘তারা এর আগেও একাধিকবার গ্রেপ্তার হয়েছেন বলে স্থানীয়ভাবে জানা যায়। জামিনে বের হয়ে আবারও একই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে। এবার তাদের মাদক সেবন থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।’
তবে এ ঘটনায় দুই যুবকের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

