মোহাম্মদ হাবিবুল্লাহ,খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার খালিয়াজুরীতে হাওরে হাঁস পালনের সময় বজ্রপাতে শফিকুল শেখ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় বজ্রপাতে ৫০ থেকে ৬০টি হাঁসও মারা যায়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের সাতগাঁও গ্রামের পাউকাটা হাওরে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, সাতগাঁও গ্রামের সাবেক ইউপি সদস্য মো. ইসহাক শেখের বড় ছেলে শফিকুল শেখ শতাধিক দেশীয় প্রজাতির হাঁস পালন করতেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে তিনি হাঁসগুলো নিয়ে পাউকাটা হাওরে যান।
হাওরে হাঁস পালনের সময় হঠাৎ বজ্রপাত হলে শফিকুল শেখ অচেতন হয়ে পড়ে যান। একই সময় বজ্রপাতে ৫০ থেকে ৬০টি হাঁস মারা যায়। খবর পেয়ে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান বলেন, “ঘটনাটি খুবই মর্মান্তিক। এটি প্রাকৃতিক দুর্যোগ। মৃত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “ঘটনার তথ্য জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। মৃতের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করা যায় কি না, তা বিবেচনা করা হবে।”

