খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনা সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রাক্তন কৃতি শিক্ষার্থী হিসেবে সম্মাননা পেয়েছেন খালিয়াজুরীর আব্দুর নূর তুষার। রোববার (২২ নভেম্বর) কলেজের হলরুমে আয়োজিত পুরস্কার বিতরণ ও সম্মাননা অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
কলেজের রসায়ন বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. আলী আকবর। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের প্রদর্শক মো. নূর আহম্মেদ। প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবু তাহের খান। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আব্দুল কাদের ফকির ও শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ মোখলেসুর রহমান আকন্দ।
অনুষ্ঠানে রসায়ন বিভাগের অনার্স তৃতীয় বর্ষ (২০২২-২৩) ও চতুর্থ বর্ষের (২০২১-২২) সেরা শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি প্রাক্তন কৃতি শিক্ষার্থী হিসেবে আব্দুর নূর তুষারকে সম্মাননা প্রদান করা হয়। তিনি বর্তমানে জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে অডিটর হিসেবে কর্মরত।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক মো. আবু তাহের খান বলেন, শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশে পুরস্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে কলেজের ১৪টি বিভাগে প্রতিবছর ৫৬০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এর লক্ষ্য শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে যোগ্য, দক্ষ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা।
তিনি আরও বলেন, জীবনের সাফল্য শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়; প্রকৃত সাফল্য হলো সৎ, যোগ্য ও মানবিক মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। একটি পুরস্কার শিক্ষার্থীর মনে নতুন স্বপ্ন, আত্মবিশ্বাস ও সামনে এগিয়ে যাওয়ার সাহস জোগায়।
সম্মাননা গ্রহণের পর আবেগাপ্লুত বক্তব্যে আব্দুর নূর তুষার কলেজের অধ্যক্ষ, রসায়ন বিভাগের শিক্ষকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, যে প্রতিষ্ঠানের আঙিনায় তাঁর শিক্ষাজীবনের স্বপ্নের সূচনা, সেই প্রতিষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী হিসেবে সম্মানিত হতে পেরে তিনি গর্বিত। এ সম্মান শুধু তাঁর একার নয়, বরং শিক্ষকদের ভালোবাসা, শিক্ষা ও দিকনির্দেশনার স্বীকৃতি।
কলেজজীবনের স্মৃতিচারণ করে তুষার বলেন, রসায়ন বিভাগের শ্রেণিকক্ষ, কেমিস্ট্রি ল্যাব, শিক্ষকদের স্নেহ ও সহপাঠীদের সঙ্গে কাটানো সময় আজও তাঁর মনে অমলিন। শিক্ষকেরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না, বরং সৎ, দায়িত্বশীল ও নীতিবান মানুষ হওয়ার শিক্ষাও দেন। এ সম্মাননা তাঁকে কর্মজীবনে আরও সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কলেজের কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় দুই শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক মো. আলী আকবর ভবিষ্যতেও শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের আনন্দঘন আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

