নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় জেলা পরিষদের উদ্যোগে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ২১৮ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেন জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু।
অনুষ্ঠানে আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, “তোমরাই আগামীর নওগাঁ তথা বাংলাদেশের ভবিষ্যৎ। তোমাদের মেধার মূল্যায়ন করা এবং সঠিক পথে পরিচালিত করাই আমাদের দায়িত্ব। এই বৃত্তি তোমাদের আরও কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের জন্য উৎসাহিত করবে বলে আমি বিশ্বাস করি। জেলা পরিষদ সব সময় শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও মেধাবীদের পাশে থাকবে।”
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন, উপ-সহকারী প্রকৌশলী আব্দুস সবুর, শিক্ষার্থী মেহেদী হাসান মুরাদ ও মেহেজাবিন উশাসহ জেলা পরিষদের কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে মেহেদী হাসান মুরাদ ও মেহেজাবিন উশা বক্তব্য দেন।
অনুষ্ঠানে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ২১৮ জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ১৫ হাজার টাকা করে মোট ৩২ লাখ ৭০ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

