একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে সমাজকর্মী ও রেড ক্রিসেন্ট সদস্য এমদাদুল হক শাহজাহানের ওপর কিশোর গ্যাংয়ের হামলার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে শহরের আলফাত স্কয়ারে বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সন্তানকে রক্ষা করতে গিয়ে এমদাদুল হক শাহজাহানের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। এ ধরনের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর সুনামগঞ্জ শহরের হাছননগর এলাকায় সন্তানকে রক্ষা করতে গিয়ে বখাটেদের ধারালো অস্ত্রের হামলায় গুরুতর আহত হন এমদাদুল হক শাহজাহান। পরে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। পুলিশ ‘শ্রাবণ’ নামে একজনকে গ্রেপ্তার করলেও মামলার মূল অভিযুক্তরা এখনো পলাতক বলে জানা গেছে।
মানববন্ধন থেকে অবিলম্বে পলাতক আসামিদের গ্রেপ্তার, স্কুল ছুটির সময়ে শহরে পুলিশি টহল জোরদার এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
এ ছাড়া আগামী শনিবার অভিভাবক সমাবেশ আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। বক্তারা কিশোর অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

