খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের বিএনপির বিভিন্ন পর্যায়ের ৪৭ নেতাকর্মী ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির নেতা ও নেত্রকোনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের উদ্যোগে তারা ওমরাহ পালন করবেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে ওই ৪৭ সদস্যের কাফেলা সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন বলে স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন। তারা পবিত্র মক্কা ও মদিনায় ওমরাহ পালন করবেন।
খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি ও গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রউফ স্বাধীন জানান, কাফেলায় খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলার বিএনপি, যুবদল ও ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক এবং দলীয় বিভিন্ন পর্যায়ের নেতারা রয়েছেন।
তিনি জানান, মদন উপজেলার সভাপতি মো. আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম আকন্দ, মোহনগঞ্জ উপজেলার সভাপতি মো. সেলিম কর্নেল ও সাধারণ সম্পাদক মো. এরশাদুর রহমানসহ মদন ও মোহনগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক এবং সংশ্লিষ্ট নেতারা এ কাফেলায় থাকবেন।
দলীয় সূত্রে জানা গেছে, ওমরাহ পালন শেষে আগামী ৪ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তাদের।
কাফেলার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবেন লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত সহকারী (পিএস) মির্জা মো. হায়দার আলী। এ সফর নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

