আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও অনিয়ন্ত্রিত মোবাইল ফোন ব্যবহারের অপব্যবহার থেকে দূরে রাখতে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান।
সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হকের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক গোলাম সরোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সোহাগ ও আগৈলঝাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. মাসুদ খান বলেন, “শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলেই চলবে না, বরং একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি থেকে নিজেদের দূরে রাখতে হবে। পাশাপাশি প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে।”
সভায় বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি, নৈতিক মূল্যবোধ চর্চা এবং মোবাইল ফোন ব্যবহারে সতর্ক থাকার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

