Nabadhara
ঢাকামঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল

কুবি প্রতিনিধি
সেপ্টেম্বর ২২, ২০২৬ ১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও শিক্ষার্থীদের ঘোষিত চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে মৌন মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে মিছিলটি শুরু হয়। এতে অংশ নেওয়া শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করেন।

মিছিলটি গোলচত্বর থেকে আইন ও ইঞ্জিনিয়ারিং অনুষদ প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে দক্ষিণ মোড় পর্যন্ত যায়। পরে সেখান থেকে পুনরায় গোলচত্বরে ফিরে এসে কর্মসূচি শেষ হয়।

মিছিল শেষে বাংলা বিভাগের শিক্ষার্থী ফারহা খানম বলেন, “অপ্রতিম হত্যার শোক পালন এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে আমরা এই মৌন মিছিল করেছি। শুরু থেকেই আমরা চার দফা দাবি জানিয়ে আসছি। প্রশাসন যেন দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি আমাদের দাবিগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়, সেটিই আমাদের প্রত্যাশা।”

ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাঈম ভূইয়া বলেন, “স্বৈরাচার আমল থেকেই আমরা কিশোর গ্যাংয়ের উৎপাত দেখে আসছি। এই কিশোর গ্যাংকে কারা জিইয়ে রাখছে এবং কারা তাদের পৃষ্ঠপোষকতা করছে, তা খতিয়ে দেখা দরকার। প্রায় ছয়-সাত মাস আগে তুহিনের ঘটনার সময় একটি বাইক চুরির ঘটনায় জড়িতদের রাজনৈতিক গোষ্ঠী ও প্রভাবশালী ব্যক্তিদের আশ্রয়ে ছেড়ে দেওয়া হয়েছিল বলে আমরা দেখেছি। তারাই মূলত এসব অপরাধীকে পৃষ্ঠপোষকতা করে এবং অপরাধে উৎসাহ জোগায়।”

তিনি আরও বলেন, “কিশোর গ্যাং ও অপরাধীদের পৃষ্ঠপোষকদের গোড়া থেকে নির্মূল করা না গেলে সমাজকে রক্ষা করা সম্ভব হবে না। তাই প্রশাসনের কাছে আমাদের জোর দাবি, প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।”

শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে—অপ্রতিম হত্যাকাণ্ডের আসামিদের গ্রেপ্তার করে ৬০ দিনের মধ্যে বিচার সম্পন্ন ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা; কুমিল্লার পুলিশ সুপার, আদর্শ সদর ও সদর দক্ষিণ থানার ওসিদের প্রত্যাহার; কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকায় স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন ও দৃশ্যমান নিরাপত্তা ব্যবস্থা জোরদার; এবং নিখোঁজ ব্যক্তিদের জন্য তাৎক্ষণিক রেসপন্স ইউনিট গঠন।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে গিয়ে নিখোঁজ হন অপ্রতিম। পরদিন ১৯ সেপ্টেম্বর কোটবাড়ি এলাকার পশ্চিম সানন্দা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ২০ সেপ্টেম্বর জানাজা ও দাফন শেষে অপ্রতিম হত্যার বিচার এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা চার দফা দাবি উত্থাপন করেন।

মৌন মিছিল শেষে শিক্ষার্থীরা উপাচার্যের কাছে স্মারকলিপি দেন। এ সময় উপাচার্য শিক্ষার্থীদের চার দফা দাবি বাস্তবায়ন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।