কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে নিহত কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজার নামাজ আজ রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের মাঠে অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। তিনি জানান, সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর সকাল ১১টায় কুমিল্লার গন্ধমতি ঈদগাহ ময়দানে তার দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
অপ্রতিমের জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষকে অংশগ্রহণ করে তার রুহের মাগফিরাত কামনার জন্য অনুরোধ জানিয়েছেন উপাচার্য।
এর আগে গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর নিখোঁজ হয় কিশোর অপ্রতিম। এরপর পরিবারের সদস্যদের পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ প্রশাসন বিভিন্ন স্থানে তার সন্ধানে অভিযান চালান।
নিখোঁজের প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে ময়নাতদন্ত শেষে শনিবার রাত সাড়ে ৮টার দিকে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হলে নিজ বাসায় নিয়ে যাওয়া হয়।

