মো. মিজানুর রহমান, কালকিনি ও ডাসার প্রতিনিধি
মাদারীপুরের ডাসার উপজেলা প্রশাসনের উদ্যোগে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে বিদায়, নবাগত ইউএনও তানজিল পারভেজকে বরণ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আড়ম্বরপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আনিছুর রহমান।
সরকারি প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, ডিকে আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদুর রহমান, ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদার, যুবদল নেতা নুরুজ্জামান তালুকদার ও মোফাজ্জেল হোসেনসহ স্থানীয় সুধীজন।
বক্তারা বিদায়ী ইউএনওর দায়িত্ব পালনকালের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন। একই সঙ্গে নবাগত ইউএনও তানজিল পারভেজকে স্বাগত জানিয়ে ডাসার উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে প্রশাসন ও স্থানীয়দের সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিদায়ী ইউএনওকে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
নবাগত ইউএনও তানজিল পারভেজ দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন এবং উপজেলার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

