সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করেছে জাতীয়তাবাদী যুবদল। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের শালতলা মোড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা।
এ সময় জেলা যুবদলের সাবেক সহসভাপতি শাহেদ সমি বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক এস কে বদরুল আলম, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. সুমন পাইক, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল হাসান, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল তরফদার নেওয়াজসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অভিযানে যুবদলের নেতাকর্মীরা শহরের সাধনার মোড়, ফলপট্টির মোড়, রাহাতের মোড়, পুরাতন কোর্ট চত্বর, পুরাতন পুলিশ লাইন ও নূরমসজিদের মোড়সহ বিভিন্ন এলাকার সড়ক, ড্রেন ও আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।
এ ছাড়া এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন ওষুধ ছিটানো হয়। পাশাপাশি বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন করেন নেতাকর্মীরা।

