নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এমপি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ সচিবালয়ে শিক্ষামন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
সাক্ষাৎকালে আগামী ২৮ অক্টোবর বাউবির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য শিক্ষামন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান উপাচার্য। এ সময় তিনি শিক্ষামন্ত্রীর হাতে আমন্ত্রণপত্র তুলে দেন।
শিক্ষামন্ত্রী আমন্ত্রণপত্র গ্রহণ করে আগামী ২৮ অক্টোবর বাউবির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানান।
এ সময় বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে দেশের উচ্চশিক্ষায় শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ, উন্মুক্ত ও দূরশিক্ষার মাধ্যমে প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে মানসম্মত শিক্ষা পৌঁছে দেওয়া, প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রমের প্রসার এবং বাউবির শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও আধুনিক ও যুগোপযোগী করার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়।
এ ছাড়া দেশের পরিবর্তিত শিক্ষা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে বাউবির শিক্ষা কার্যক্রমের গুণগত মানোন্নয়ন এবং শিক্ষার্থীবান্ধব সেবা সম্প্রসারণের বিষয়েও আলোচনা করেন তাঁরা।
বাউবির যুগ্ম পরিচালক মো. জাহাঙ্গীর পাইক বিষয়টি নিশ্চিত করেছেন।

