দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বলেছেন, একাত্তরের পরাজিত শক্তির আজও বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করতে কষ্ট হয়। একইভাবে ২০২৪-এর পরাজিত শক্তিরও বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করতে কষ্ট হয়। এই দুই রাজনৈতিক শক্তির ঐক্য এ দেশের রাজনীতিতে প্রায়ই দেখা যায়।
তিনি বলেন, মাত্র সাত মাস বয়সী একটি সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। সেই ঐক্য আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে এই দুই পরাজিত শক্তিকে মোকাবিলা করতে হবে।
বুধবার রাত ১০টার দিকে কুষ্টিয়ার একটি বেসরকারি সংস্থার মিলনায়তনে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনিন্দ্য ইসলাম বলেন, গত সংসদ নির্বাচনে কুষ্টিয়া অঞ্চলে জাতীয়তাবাদী দল খুব খারাপ ফলাফল করেছে। আগামী স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধভাবে বিএনপির প্রার্থীদের বিজয়ী করার মাধ্যমে কুষ্টিয়ায় সেই হারানো সম্মান ফিরিয়ে আনতে হবে।
মতবিনিময় সভায় তৃণমূল পর্যায়ের নেতারাও বক্তব্য দেন। এ সময় তারা দলের অভ্যন্তরের অনৈক্য ও বিভেদের বিষয় তুলে ধরে তা নিরসনের আহ্বান জানান।
কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন এবং জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।
এদিকে সভায় প্রতিমন্ত্রীর উপস্থিতিতে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও হট্টগোলের ঘটনা ঘটে। এতে কিছু সময়ের জন্য সভাস্থলের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। পরে নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

