স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া এলাকায় দুই পক্ষের সংঘর্ষে আহত হাসান শেখ (৪৮) মারা গেছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত হাসান শেখ চরকান্দিপাড়া এলাকার তারা মিয়া শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার সকালে কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য সোহেল শেখ ও প্রতিপক্ষ আবেদ গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন।
আহতদের প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে হাসান শেখ মারা যান।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হাসান শেখ রাতে মারা যান।
তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

