মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় অজ্ঞাতনামা যাত্রীবাহী বাসের চাপায় আব্দুস সোবহান (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বাবলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সোবহান নওগাঁর নিয়ামতপুর উপজেলার দরগাপাড়া-রাজাপুর এলাকার বাসিন্দা। তিনি বগুড়ার আদমদীঘি উপজেলার শান্তাহারে মেয়ের বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাত বছর বয়সী এক নাতিকে সঙ্গে নিয়ে মেয়ের বাড়ির উদ্দেশ্যে বের হন আব্দুস সোবহান। মান্দা ফেরিঘাট থেকে অটোরিকশায় করে নওগাঁ বালুডাঙ্গা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন তাঁরা।
পথে বাবলাতলী এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে অটোরিকশা থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন আব্দুস সোবহান।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মান্দা থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, দুর্ঘটনার জন্য দায়ী বাসটি শনাক্ত এবং চালককে আটকের চেষ্টা চলছে।

