ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে স্থানীয় ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশিত আধুনিক ‘পৌর মার্কেট’ নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার আনন্দঘন পরিবেশে মার্কেটটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খাঁন বলেন, “আধুনিক পৌর মার্কেট নির্মিত হলে এলাকার ব্যবসা-বাণিজ্যে নতুন গতি সঞ্চার হবে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা এক ছাদের নিচে উন্নত ও আধুনিক কেনাকাটার সুযোগ পাবেন। এটি কালীগঞ্জের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ। তিনি প্রকল্পের নির্মাণকাজে গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী কবীর হাচান, স্যানিটারি ইন্সপেক্টর আলমগীর হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও অতিথিরা উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিপুলসংখ্যক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রকল্পের সার্বিক সাফল্য ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
উল্লেখ্য, কালীগঞ্জ শহরের যানজট কমাতে একটি হকার্স মার্কেট নির্মাণের বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করেছিলেন সংসদ সদস্য আবু তালিব।

