Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজস্ব সেবায় নতুন দিগন্তে গাজীপুর সিটি কর্পোরেশন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন নাগরিক সেবা অনলাইনভিত্তিক, সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে ট্রেড লাইসেন্স ও হোল্ডিং ট্যাক্স সেবা অটোমেশন সফটওয়্যারের সফট লঞ্চ করেছে গাজীপুর সিটি কর্পোরেশন (জিসিসি)।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগর ভবনের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার ভার্চুয়ালি সফটওয়্যারটির আনুষ্ঠানিক সফট লঞ্চ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানম।

নতুন এ ব্যবস্থার মাধ্যমে নাগরিকরা ঘরে বসেই হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্সের আবেদন, প্রয়োজনীয় তথ্য প্রদান, ফি পরিশোধ এবং সংশ্লিষ্ট সেবা গ্রহণ করতে পারবেন। এতে রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও তথ্যভিত্তিক কার্যক্রম আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, “নাগরিকরা যাতে ট্যাক্স ও ট্রেড লাইসেন্সের সেবা ঘরে বসেই সহজে পেতে পারেন, সে লক্ষ্যেই ডিজিটাল ব্যবস্থাপনার দিকে এগিয়ে যাচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন। শুধু রাজস্ব সেবা নয়, পর্যায়ক্রমে সিটি কর্পোরেশনের অন্যান্য নাগরিক সেবাকেও অনলাইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। এতে নাগরিকদের সময় ও অর্থের সাশ্রয় হবে এবং ভোগান্তি কমবে।”

তিনি আরও বলেন, “গাজীপুর সিটি কর্পোরেশনের সেবাব্যবস্থায় আজকের উদ্যোগ একটি নতুন দিগন্তের সূচনা। ডিজিটাল সেবার বিষয়ে নগরবাসীকে অবহিত করতে সাংবাদিকদের সহযোগিতাও প্রয়োজন।”

প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানম বলেন, জনগণের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য বাস্তবায়নে সিটি কর্পোরেশন ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। রাজস্ব আয় বাড়াতে সঠিক হোল্ডিং ম্যাপিং, তথ্যভিত্তিক রাজস্ব ব্যবস্থাপনা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বাস্তবায়নের ক্ষেত্রে যেসব লজিস্টিক ও কারিগরি সমস্যা রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা করা হবে। বর্তমানে হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের আওতায় আনা হলেও ভবিষ্যতে অন্যান্য নাগরিক সেবাকেও একই ধরনের ডিজিটাল ব্যবস্থাপনার আওতায় আনার লক্ষ্য রয়েছে। প্রয়োজন অনুযায়ী মোবাইল অ্যাপ চালুর বিষয়টিও বিবেচনা করা হবে।

অনুষ্ঠানে জানানো হয়, হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, বিভিন্ন নাগরিক সনদ, পানির বিল, ইজারার অর্থ ও মার্কেট ভাড়াসহ বিভিন্ন সেবার ফি ও বিল অনলাইনে প্রদান ও পরিশোধ ব্যবস্থাপনাকে ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে তিনটি অটোমেশন প্রকল্পের আওতায় বিভিন্ন সেবা ডিজিটাল ব্যবস্থাপনার মধ্যে আনা হয়েছে।

এ কার্যক্রমকে আরও সমন্বিত ও স্বচ্ছ করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম এবং গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে গত ৮ ফেব্রুয়ারি ২০২৬ একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আওতায় বিভিন্ন নাগরিক সেবার ফি ও বিল অনলাইনে সংগ্রহের জন্য এটুআইয়ের পেমেন্ট প্ল্যাটফর্ম ‘একপে’কে সিটি কর্পোরেশনের সেবা ডিজিটাল ব্যবস্থাপনা সফটওয়্যারের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

এর ফলে নগরবাসী মোবাইল ব্যাংকিং, ডিজিটাল ওয়ালেট, অনলাইন ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ড, এজেন্ট ব্যাংকিং কিংবা শাখা ব্যাংকিংয়ের মাধ্যমে যেকোনো সময় ও যেকোনো স্থান থেকে ফি বা বিল পরিশোধ করতে পারবেন।

সংশ্লিষ্টরা জানান, ইতোমধ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের পানির বিল ‘একপে’ প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে সংগ্রহের কার্যক্রম পাইলটিং আকারে চালু হয়েছে। অনলাইনে সংগৃহীত সেবার ফি ও বিল সিটি কর্পোরেশনের অনুমোদিত ব্যাংক হিসাবে নিয়মিত জমা দেওয়ার ব্যবস্থাও রয়েছে।

অনুষ্ঠানে সফটওয়্যারটির কারিগরি দিক তুলে ধরেন উন্নয়নকারী প্রতিষ্ঠান স্পেকট্রাম আইটি সলিউশন্সের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন। বক্তব্য দেন এটুআই প্রকল্পের চিফ অ্যাডভাইজার মাসুদুর রহমান, জিসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার ও কর নির্ধারণিক কর্মকর্তা কামরুল ইসলাম পাঠান।

এ ছাড়া প্রধান প্রকৌশলী মো. আব্দুল বারেকসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সংশ্লিষ্ট কারিগরি দলের সদস্য ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন এ অটোমেশন ব্যবস্থায় কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেজ, তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা, অনলাইন পেমেন্ট, ডিজিটাল রসিদ, অনলাইন নোটিশ ও নোটিফিকেশন, সেবার তথ্য পর্যবেক্ষণ এবং ভবিষ্যৎ পরিকল্পনায় ডাটা বিশ্লেষণের সুযোগ থাকবে। সংশ্লিষ্টদের মতে, এর ফলে রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ার পাশাপাশি নাগরিক সেবা প্রদানে সময় কমবে এবং সরাসরি অফিসে এসে সেবা নেওয়ার প্রয়োজনও অনেকাংশে কমে আসবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।