Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

হাওরাঞ্চলের সন্তান শুভ আহমেদ সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত

খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার হাওরবেষ্টিত খালিয়াজুরী উপজেলার সন্তান শুভ আহমেদ ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় মেধাতালিকায় ৮০তম স্থান অর্জন করে সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে ১৮তম বিজেএস পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ২০০ জন প্রার্থী উত্তীর্ণ হন। তাদের মধ্যে শুভ আহমেদ ৮০তম স্থান অর্জন করেন।

শুভ আহমেদ খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মো. আব্দুল কদ্দুস ও হাসনেরা খাতুনের ছেলে। দুই বোনের একমাত্র ভাই শুভ নিম্ন-মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে নিজের মেধা ও পরিশ্রমে এ সাফল্য অর্জন করেছেন।

জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১১ সালে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন শুভ। বিদ্যালয়টির সাবেক প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন চৌধুরী জানান, ছোটবেলা থেকেই শুভ অত্যন্ত আন্তরিক ও মেধাবী ছিলেন।

পরে জগন্নাথপুর ময়েজউদ্দিন সরকার উচ্চ বিদ্যালয় থেকে ২০১৬ সালে এসএসসি পরীক্ষায় প্রথমবারের মতো জিপিএ-৫ অর্জন করেন তিনি। এরপর ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে ২০১৯ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে মেধাতালিকায় নবম স্থান অর্জন করে আইন বিভাগে ভর্তি হন শুভ। সেখান থেকে অনার্স সম্পন্ন করার পর ২০২৬ সালে প্রথম বিভাগে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

নিজের সাফল্যের অনুভূতি জানিয়ে শুভ আহমেদ বলেন, “আইন বিভাগে ভর্তির পর থেকেই জজ বা অ্যাডমিন ক্যাডার হওয়ার স্বপ্ন ছিল। বাবার পরিশ্রম আর মায়ের স্বপ্ন আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। আমি দুই বোনের একমাত্র ভাই। নিজের আলাদা একটা ভ্যালু তৈরি করতে চেয়েছি। প্রস্তুতির সময় নিজেকে কখনো ফাঁকি দিইনি, বরং পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট কৌশলী হওয়ার চেষ্টা করেছি।”

 

ভবিষ্যতে বিচারক হিসেবে দায়িত্ব পালনের বিষয়ে শুভ বলেন, “আদালত মানুষের সবচেয়ে বিশ্বস্ত জায়গা। মানুষ নিরুপায় হয়েই সেখানে যায়। আমি চেষ্টা করব আমার আইনি জ্ঞান ও দায়িত্ববোধ মেনে মানবিকতার জায়গা থেকে মানুষকে ন্যায়বিচার দিতে।”

 

শুভর এ সাফল্যে এলাকায় আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। বিএনপি নেতা মো. শাহীনুর আলম, কায়সার আহমেদ সেকুল, আব্দুল মান্নান চৌধুরী ও আসাদুজ্জামান খোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা শুভকে অভিনন্দন জানিয়ে তাঁর সার্বিক সফলতা কামনা করেন।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জান বলেন, “শুভ আহমেদের সাফল্য তাঁর পরিবারসহ এলাকার গৌরব। হাওর বা প্রত্যন্ত অঞ্চল কোনো বাধা নয়—মেধাবী শিক্ষার্থীরা সব জায়গা থেকেই সাফল্য অর্জন করতে পারে, শুভ তার বাস্তব প্রমাণ। আমি তাঁর জীবনের সার্বিক সফলতা কামনা করি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।