টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য আইয়ুব আলী খালাসিকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাশুড়িয়া মাদ্রাসা প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বিকেল ৫টার দিকে পারিবারিকভাবে তাঁর দাফন সম্পন্ন হয়।
গার্ড অব অনার প্রদানের সময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম উপস্থিত ছিলেন। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলীর নেতৃত্বে পুলিশের একটি দলও রাষ্ট্রীয় সম্মান প্রদানে অংশ নেয়।
এ সময় বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী খালাসিকে রাষ্ট্রীয় সালামি দেওয়া হয়। অবসরপ্রাপ্ত সেনাসদস্য হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকেও তাঁর প্রতি সম্মান জানানো হয়।
এর আগে বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান আইয়ুব আলী খালাসি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দীর্ঘদিন বাংলাদেশ সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেন। চাকরি থেকে অবসর নেওয়ার পর নিজ এলাকায় বসবাস করছিলেন।
দাফনের সময় পরিবারের সদস্য ও স্বজনদের পাশাপাশি স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সেনাসদস্য, প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

