আনিসুর রহমান সুমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সুন্দরবনের কোকিলমনি থেকে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ৮ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের সদস্যরা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেন। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১৯ সেপ্টেম্বর দুপুর ১১টার দিকে ৮ জন জেলেসহ একটি ফিশিং বোট সুন্দরবনের কোকিলমনি থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে মাছ ধরার সময় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে।
পরবর্তীতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসার পর গত ২৪ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে ওই বোটের এক জেলে মালিককে ফোন করে বিষয়টি জানান। পরে বোটের মালিক কোস্ট গার্ড পশ্চিম জোনের কাছে সহায়তা চান।
খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন কোকিলমনি দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে গভীর সমুদ্র থেকে বিকল ফিশিং বোটসহ ৮ জেলেকে জীবিত উদ্ধার করে।
উদ্ধার হওয়া জেলেদের মধ্যে রয়েছেন শ্যামনগর উপজেলার রইশখালি গ্রামের শফিকুল মোল্লার ছেলে আল আমিন মোল্লা (৩০), পাইশাখালি গ্রামের মৃত কাসেম গাজীর ছেলে মনিরুল (৪০), একই এলাকার আবিয়ার গাজীর ছেলে কবিরুল (২৮) ও মৃত গোলাপ গাজীর ছেলে সুরাত গাজী (৬৫)।
কোস্ট গার্ড জানায়, উদ্ধার করা জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়েছে। ফিশিং বোটসহ তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

