Nabadhara
ঢাকারবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত রুয়েট শিক্ষার্থী রাফিদের মৃত্যু

রুয়েট প্রতিনিধি
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

রুয়েট প্রতিনিধি

মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাফিদ শাহরিয়ার মারা গেছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার মাদানি এভিনিউয়ের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর গত পাঁচ দিন ধরে রাজধানীর ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রাফিদ। চিকিৎসকেরা জানান, দুর্ঘটনায় তার মস্তিষ্কে গুরুতর আঘাত লাগে। মস্তিষ্কের হাইপোথ্যালামাসে আঘাতের পাশাপাশি বাম অংশে রক্তক্ষরণ হয়। তার মস্তিষ্কের একটি বড় অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে চিকিৎসকেরা পরিবারকে জানান।

এর আগে গত বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজশাহীর বিনোদপুর বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন রাফিদ। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, রাফিদ মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল হঠাৎ ইউ-টার্ন নেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে রাফিদ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সড়কের ডিভাইডারে মাথায় গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পর সহপাঠী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রথমে জরুরি বিভাগের ৮ নম্বর ওয়ার্ডে এবং পরে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

পরদিন ২৪ সেপ্টেম্বর সকালে রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে রাফিদের চিকিৎসার খোঁজখবর নেয়। পরে তার শারীরিক অবস্থার অবনতির কারণে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন।

রুয়েট প্রশাসনের উদ্যোগে জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। ওইদিন দুপুর সোয়া ১টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এদিকে রাফিদের চিকিৎসার ব্যয় বহনে রুয়েট প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীরা ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে অর্থ সংগ্রহের উদ্যোগ নেন। তবে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।

রাফিদ শাহরিয়ার রুয়েটের ২০২১-২২ শিক্ষাবর্ষের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার শিক্ষার্থী আইডি ২১০৩০৯৫। তার বাড়ি খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলায়।

তার মৃত্যুতে রুয়েট ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা শোক প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।