গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে এক স্কুলছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস করানোর অভিযোগে লিপন শরীফ নামে এক যুবদল নেতাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার নাঠৈ রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত লিপন শরীফ নাঠৈ গ্রামের বাদশা শরীফের ছেলে এবং জেলা যুবদলের সাবেক সদস্য বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহিন জানান, লিপন শরীফ দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্নভাবে হয়রানি করে আসছিলেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিদ্যালয়ের বিরতির সময় তিনি দশম শ্রেণির এক ছাত্রকে মারধর করেন। পরে তাকে বিদ্যালয়ের মাঠে নিয়ে কান ধরে ওঠবস করান। এ সময় কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী এর প্রতিবাদ করলে লিপন শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজ করেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনার প্রতিবাদে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযুক্তের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। একপর্যায়ে লিপন শরীফ লাঠি হাতে বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে অবরুদ্ধ করে একটি কক্ষে আটকে রাখে। এতে বিদ্যালয় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীমকে জানান। ইউএনওর নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান থানা পুলিশের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ছাত্রীদের উদ্দেশে শ্লীলতাহানিকর কথা বলা, ছাত্রদের ওপর অপরাধমূলক বলপ্রয়োগ এবং শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় লিপন শরীফকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, দণ্ডপ্রাপ্ত লিপন শরীফকে বুধবার দুপুরে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে লিপন শরীফ দাবি করেন, প্রায়ই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে এলাকায় ঘোরাফেরা করত। বিষয়টি শিক্ষকদের জানিয়েও প্রতিকার না পাওয়ায় তিনি মানবিক দিক বিবেচনা করে নিজের সন্তানের মতো ভেবে শিক্ষার্থীদের শাসন করতে গিয়ে নিজেই দণ্ডিত হয়েছেন।

