পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় পৌর শহরের তুলারডাঙ্গা এলাকায় রাস্তার পাশের একটি খাল থেকে রেজাউল করিম রেজা (৪০) নামে এক কম্পিউটার কম্পোজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা রাস্তার পাশের একটি খালে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ও সিআইডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
নিহত রেজাউল করিম রেজা ঠাকুরগাঁও জেলার ভেলাজান এলাকার মোস্তফা কামালের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পঞ্চগড় পৌরসভার রাজনগর এলাকায় পরিবার নিয়ে বসবাস করছিলেন। পঞ্চগড় সদর থানার সামনে তার একটি কম্পিউটার কম্পোজের দোকান রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১১টার দিকে পারিবারিক কোনো বিষয় নিয়ে ক্ষুব্ধ হয়ে রেজাউল বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। বুধবার সকালে স্থানীয়রা তুলারডাঙ্গা এলাকায় রাস্তার পাশের একটি খালে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পঞ্চগড় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।

