নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর মহানগরীতে সড়ক পার হওয়ার সময় একটি প্রিজম ভ্যানের চাপায় গৌরী রানী (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ী রোডের রেল কোচিং এলাকার কাজী মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
নিহত গৌরী রানী ঢাকার গেন্ডারিয়া এলাকার নারায়ণ চন্দ্র দাসের স্ত্রী। বর্তমানে তিনি সন্তানদের সঙ্গে গাজীপুর মহানগরীর বোর্ডবাজার এলাকায় বসবাস করতেন।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে চিকিৎসা ও ওষুধ কেনার জন্য বোর্ডবাজার থেকে গাজীপুর শহরের দিকে আসেন গৌরী রানী। পরে রাজবাড়ী রোডের রেল ক্রসিং সংলগ্ন কাজী মার্কেটের সামনে সড়ক পার হওয়ার সময় একটি প্রিজম ভ্যানের নিচে চাপা পড়েন তিনি।
প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রিজম ভ্যানটি আসামি নিয়ে গাজীপুর আদালতের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পর ভ্যানটি ঘটনাস্থল থেকে চলে যায় বলেও তারা জানান।
গুরুতর আহত অবস্থায় পুলিশ ও স্থানীয়রা গৌরী রানীকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানিয়েছেন, অজ্ঞাত একটি গাড়ির চাপায় গৌরী রানীর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা গাড়িটিকে প্রিজম ভ্যান বলে দাবি করলেও পুলিশ এখনো গাড়িটি নিশ্চিতভাবে শনাক্ত করতে পারেনি।
পুলিশ জানায়, দুর্ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি পর্যালোচনার পাশাপাশি ঘটনাস্থলের তথ্যের ভিত্তিতে দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। গাড়িটি শনাক্ত করা গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

