দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলা ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মীমাংসার পর ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রক্টর, সহকারী প্রক্টর, আইসিটি বিভাগের সভাপতিসহ কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী আহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আইসিটি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু সাঈদ। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে দুই বিভাগের শিক্ষার্থী, বিভাগীয় সভাপতি ও প্রক্টরিয়াল বডির সদস্যদের নিয়ে বৈঠকের পর এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এর আগে মঙ্গলবার কুষ্টিয়াগামী ‘গোধূলী’ বাসে উচ্চস্বরে গল্প করাকে কেন্দ্র করে বাংলা ও আইসিটি বিভাগের দুই শিক্ষার্থীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে বুধবার সকালে প্রক্টর কার্যালয়ে দুই বিভাগের সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই পক্ষের মধ্যে মীমাংসা করে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তগুলোর মধ্যে ছিল উভয় পক্ষের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা, ভবিষ্যতে কোনো ধরনের বিশৃঙ্খলা হলে সংশ্লিষ্ট বিভাগের দায়ভার এবং শিক্ষার্থীদের কাউন্সেলিং করা।
তবে বৈঠক শেষে প্রক্টর কার্যালয় থেকে বের হওয়ার সময় ফের দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী আহত হন। গুরুতর আহত আবু সাঈদকে অচেতন অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে আইসিটি বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন। জড়িতদের স্থায়ী বহিষ্কার না করা পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
এদিকে সংঘর্ষের ঘটনায় জরুরি সভায় বসেছে বাংলা বিভাগ। পরিস্থিতি পর্যালোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

