বরগুনা প্রতিনিধি
বরগুনায় দাওয়াহ বাংলাদেশের উদ্যোগে পবিত্র কুরআন শরীফ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) বিকেল ৩টায় বরগুনা জেলা পাবলিক লাইব্রেরির অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বরগুনার বিভিন্ন মসজিদের ইমাম-খতিব ও বিশিষ্ট ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। এ সময় দাওয়াহ বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়।
আলোচনা সভায় বক্তারা পবিত্র কুরআনের শিক্ষা, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ এবং ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি ব্যক্তি ও সামাজিক জীবনে কুরআনের শিক্ষা বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি মুকিদ হাসান খানসহ উপস্থিত অতিথিরা দাওয়াহ বাংলাদেশের এ উদ্যোগের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন।
পবিত্র কুরআন বিতরণ, ধর্মীয় আলোচনা ও মহানবী (সা.)-এর জীবনাদর্শের ওপর বয়ানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

