জুলফিকার বাবলু, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে নাদের আলী মণ্ডল নামে এক কৃষকের চারটি গরু পুড়ে মারা গেছে। এ ঘটনায় আরও দুটি গরু গুরুতর দগ্ধ হয়েছে। আগুনে গোয়ালঘরটিও সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক।
রোববার (৪ অক্টোবর) গভীর রাতে উপজেলার গুনারীতলা ইউনিয়নের সিংদহ গ্রামে এ ঘটনা ঘটে। নাদের আলী মণ্ডল ওই গ্রামের মৃত ভূঁইয়া মণ্ডলের ছেলে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, রাতে খাওয়া-দাওয়া শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে গোয়ালঘরে থাকা গবাদিপশুর চিৎকারে নাদের আলীর ঘুম ভেঙে যায়। বাইরে এসে তিনি গোয়ালঘরে আগুন জ্বলতে দেখেন। তাঁর চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।
তবে মুহূর্তের মধ্যে আগুন পুরো গোয়ালঘরে ছড়িয়ে পড়ায় চারটি গরু ঘটনাস্থলেই পুড়ে মারা যায়। আরও দুটি গরু গুরুতর দগ্ধ হয়। তবে গোয়ালঘরে থাকা চারটি ভেড়া অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক নাদের আলী মণ্ডল বলেন, ‘এই ছয়টি গরুই ছিল আমার শেষ সম্বল। চারটি চোখের সামনে পুড়ে মারা গেল, বাকি দুটির অবস্থাও ভালো নয়। আগুনে আমার সব শেষ হয়ে গেছে। এখন আমি পথে বসে গেছি।’
তিনি ধারণা করছেন, গোয়ালঘরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে মাদারগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের একটি মেডিকেল টিম ঘটনাস্থলে গিয়ে দগ্ধ দুটি গরুর চিকিৎসা দেয়। মাদারগঞ্জ উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আল-আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নিঃস্ব পরিবারের পাশে উপজেলা প্রশাসন থাকবে। ভুক্তভোগী পরিবার ক্ষয়ক্ষতির বিবরণ উল্লেখ করে লিখিত আবেদন করলে সরকারি তহবিল থেকে প্রয়োজনীয় আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে।

