শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বাগেরহাটের চিতলমারীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার। একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈম আশরাফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আল মোরাদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও অতিথিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি আহসান হাবিব ঠান্ডু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুস সালাম, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মো. ইদ্রিসুর রহমান খান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মুকুল কিশোর মজুমদার, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা শিকদার আব্দুল আলী, যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন, এনসিপির সভাপতি এফ এম শাহরিয়ার (জুয়েল)সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউএনও খাদিজা আক্তার বলেন, কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা বর্তমান প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নজরুলের সাহিত্য ও জীবনদর্শন অন্যায়, বৈষম্য ও অসাম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা জোগায়। নতুন প্রজন্মকে নজরুলের সাহিত্য, সংগীত ও জীবনদর্শনের সঙ্গে পরিচিত করার মাধ্যমে মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আলোচনা শেষে বিকেল সাড়ে ৪টায় সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিরা।

