ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘নবীন বরণ অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় কলেজ অডিটোরিয়ামে আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মামুনূর রশীদ সিদ্দীক হিরু।
কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আত্রাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শেখ মনোয়ার হোসেন (লোটাস)। প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শাকিল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ মো. সাব্বির হোসেন (আদর)।
প্রধান অতিথির বক্তব্যে শেখ মনোয়ার হোসেন বলেন, শিক্ষার্থীরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। মেধা, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নবীন শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ অর্জন করে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তিনি নবীনদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে ৮ নম্বর হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আকরাম হোসেন সরদার, সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. মহসিন আলী বাদল, কলেজের শিক্ষক-কর্মচারী, কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মী ও একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

