নড়াইল প্রতিনিধি
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, একই দিনে একই নির্বাচন কমিশনের অধীনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নির্বাচনে ৫০ শতাংশ ভোট পেয়ে বিএনপি সরকার গঠন করেছে দাবি করে তিনি বলেন, ‘কিন্তু ৭০ শতাংশ গণভোটের রায় এখনও বাস্তবায়ন করা হয়নি। তাহলে গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ।’
বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে নড়াইলের লোহাগড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাংলাদেশ খেলাফত মজলিস নড়াইল জেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, ৩৩টি রাজনৈতিক দলের ৮০টি বৈঠকের মাধ্যমে জুলাই সনদের রায় কার্যকর করা হয়নি। তাঁর দাবি, ক্ষমতা কুক্ষিগত করার জন্য প্রধানমন্ত্রীর হাতে সবকিছু রাখা হয়েছে এবং রাষ্ট্রপতিকে ‘কাঠের পুতুল’ হিসেবে বসিয়ে রাখা হয়েছে।
বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘বিগত আওয়ামী লীগের মতো বর্তমান সরকারও সিন্ডিকেট করে বিদ্যুৎ, গ্যাস, তেল ও সারের সংকট তৈরি করেছে।’ তাঁর অভিযোগ, এসব পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হলে তখন আর সংকট থাকে না। পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনযাপন কষ্টকর হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ খেলাফত মজলিস নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা মহসিনুদ্দীনের সভাপতিত্বে এবং মাওলানা শাফায়াত হোসাইনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন দলটির যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হোসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নিয়ামতুল্লাহ কাসেমী, শুরা সদস্য মুফতি আব্দুর রহমান, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি ফারুক হাসান নদভী, মাগুরা জেলা শাখার সভাপতি মাওলানা মনিরুজ্জামান ও যশোর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহসহ স্থানীয় নেতারা।
সমাবেশ শেষে আল্লামা মামুনুল হকের হাতে ফুল দিয়ে শতাধিক মানুষ বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন। এ সময় তিনি লোহাগড়া পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মুফতি দিদার হোসেনের নাম ঘোষণা করেন। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের প্রতিটি পদে দলীয় প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

