Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুমারখালীতে এক ঘণ্টায় কুকুরের কামড়-আঁচড়ে হাসপাতালে ৩৩ জন, আতঙ্কে এলাকাবাসী

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
অক্টোবর ৮, ২০২৬ ৯:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী শহরে এক ঘণ্টার ব্যবধানে একটি কুকুরের কামড় ও আঁচড়ে শিশু, নারী ও পুরুষসহ অন্তত ৩৩ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। স্থানীয়দের দাবি, শহরের বিভিন্ন এলাকায় কুকুরটির হামলায় আহত হয়েছেন প্রায় ৪২ জন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৭টার মধ্যে শহরের হলবাজার, আমতলা, ইন্দ্রা মোড়সহ বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসা নিতে আসা ৩৩ জনের মধ্যে ২৭ জনকে ইতোমধ্যে জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। অন্যদের বৃহস্পতিবার সকালে হাসপাতালে এসে টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আক্রান্তদের কয়েকজনের শরীরে বড় ধরনের ক্ষত রয়েছে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর একটি কালো রঙের কুকুর শহরের বিভিন্ন সড়কে ঘুরে পথচারীদের ওপর হামলা করে। পরে কুকুরটিকে আমতলা, হলবাজার, ইন্দ্রা মোড় হয়ে নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল এলাকার হয়তাপাড়ায় দেখা গেছে বলে জানান তারা।

রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, জরুরি বিভাগের সামনে আহত রোগী ও স্বজনদের ভিড়। কেউ ক্ষতস্থান সাবান ও পানি দিয়ে পরিষ্কার করছেন, আবার কাউকে দেওয়া হচ্ছে জলাতঙ্কের টিকা।

হলবাজার এলাকায় কুকুরের কামড়ে আহত মো. রোকনুজ্জামান বলেন, ‘আমি হলবাজার এলাকায় দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ একটি কালো কুকুর এসে আমাকে কামড় দিয়ে চলে যায়। আমার পায়ে ক্ষত হয়েছে। চিকিৎসক আমাকে ভ্যাকসিন দিয়েছেন।’

চড়াইকোলের হয়তাপাড়া এলাকার আফজাল হোসেন বলেন, ‘নামাজ পড়ে বাইরে আসতেই একটি কালো কুকুর আমাকে কামড় দিয়ে দৌড়ে চলে যায়। চিকিৎসক বৃহস্পতিবার আবার আসতে বলেছেন।’

কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সহকারী সার্জন ডা. প্রত্যয় বিশ্বাস বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অন্তত ৩৩ জন কুকুরের কামড় বা আঁচড়ের চিকিৎসা নিতে হাসপাতালে এসেছেন। তাদের অনেকের শরীরে বড় ধরনের ক্ষত রয়েছে।’

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাভিদ সারওয়ার বলেন, একটি কুকুরের কামড়ে আহত হয়ে অনেকেই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কুকুরটিকে শনাক্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে কুকুরটি শনাক্ত ও আটক না হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দ্রুত কুকুরটিকে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।