Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণের অভিযোগ, পৌরসভার নোটিশ

পঞ্চগড় প্রতিনিধি
অক্টোবর ৮, ২০২৬ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় পৌরসভা থেকে ছয়তলা ভবন নির্মাণের অনুমোদন নেওয়ার পর অনুমোদিত নকশা অমান্য করে সপ্তম তলা নির্মাণ ও আবাসিক উন্মুক্ত স্থানে নির্মাণকাজ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভবন মালিককে নোটিশ দিয়ে অনুমোদিত নকশাবহির্ভূত নির্মাণকাজ বন্ধ এবং নির্মিত অংশ অপসারণের নির্দেশ দিয়েছে পঞ্চগড় পৌরসভা।

পৌরসভার নোটিশ সূত্রে জানা যায়, মসজিদপাড়া এলাকার মো. মাসুদ পারভেজ ছয়তলা ভবন নির্মাণের জন্য নকশা অনুমোদন নেন। তবে অনুমোদিত নকশার বাইরে সপ্তম তলা ও আবাসিক উন্মুক্ত স্থানে নির্মাণকাজ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পৌরসভার দাবি, এ ধরনের নির্মাণ স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর দ্বিতীয় তফসিলের ৩৫ ধারার উপধারা ১ ও ২-এর পরিপন্থী এবং চতুর্থ তফসিলের ৪ ধারা অনুযায়ী অপরাধ।

নোটিশে পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে নির্মাণকাজ বন্ধ রেখে অনুমোদিত নকশাবহির্ভূত নির্মাণকাজ সাত দিনের মধ্যে অপসারণ করে পৌরসভাকে অবহিত করতে বলা হয়েছে। অন্যথায় অনুমোদিত নকশা বাতিলসহ পৌরবিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, ভবন নির্মাণের শুরু থেকেই বিভিন্ন অনিয়ম করা হয়েছে। সড়কের পাশে নিয়ম অনুযায়ী তিন ফুট জায়গা খালি রাখার কথা থাকলেও তা মানা হয়নি। ভবনের ব্যালকনি সড়কের ওপর নির্মাণ করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। একই সঙ্গে ভবনসংলগ্ন সড়কের পাশের ড্রেন ভেঙে ইচ্ছামতো উঁচু করায় যানবাহন ও পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

স্থানীয়দের আরও অভিযোগ, ভবনসংলগ্ন বৈদ্যুতিক পিলার থেকে সংযোগের তার খুলে লোহার অ্যাঙ্গেলের মাধ্যমে পিলার থেকে প্রায় দুই ফুট দূরে সরিয়ে রাখা হয়েছে। এতে জননিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে বলে জানান তারা।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে এসব অনিয়মের প্রতিবাদ জানান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যান পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ। তিনি স্থানীয়দের অভিযোগ শোনেন এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রকৌশলীদের ফোন করে বিষয়টি অবহিত করেন।

জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ বলেন, “আমি সংশ্লিষ্ট দপ্তরে কথা বলে জানতে পেরেছি, ভবনটির নির্মাণ ত্রুটি থাকায় সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে নিয়মবহির্ভূত নির্মাণকাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করছি।”

স্থানীয়রা ভবনটির নির্মাণকাজ ও সংশ্লিষ্ট অনিয়ম তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।