কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় নাশকতা, বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা আইনশৃঙ্খলা কমিটি।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোস্তাফিজার রহমান রানা, এনসিপির উপজেলা সমন্বয়ক সাইদুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মিজানুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মন্ডল।
সভায় উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অপচেষ্টা, গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন, মাদক ও জুয়া প্রতিরোধ, চুরি-ছিনতাই, বাল্যবিয়ে, বাজার মনিটরিং এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও পাপিয়া সুলতানা বলেন, নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যেকোনো অপচেষ্টায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদক ও জুয়ার বিরুদ্ধে সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে। এসব অপরাধে কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধ দমনে থানা পুলিশের টহল তৎপরতা বাড়ানোর নির্দেশনাও দেন তিনি।
এ সময় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করেন ইউএনও।

