জামালপুরের ইসলামপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পুলিশের বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ আব্দুর রশিদ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে ইসলামপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গাওকুড়া খালেরপাড় এলাকায় এ অভিযান চালানো হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় গোপন তথ্যের ভিত্তিতে ডিবি-১-এর একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় অনুশেখ (৪০) নামে এক ব্যক্তির মনোহারি দোকানের সামনের পাকা রাস্তা থেকে ২০ কেজি গাঁজাসহ আব্দুর রশিদকে আটক করা হয়।
আটক আব্দুর রশিদ ইসলামপুর উপজেলার পলবন্ধা উজানপাড়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। তাঁর মায়ের নাম রওশনারা।
ডিবি-১-এর এসআই আপেল মাহমুদ ও এসআই মো. এহসানুল হকের নেতৃত্বে অভিযানে গোয়েন্দা পুলিশের একটি দল অংশ নেয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পরে আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, “জামালপুরকে মাদকমুক্ত রাখতে ডিবি পুলিশ পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করছে। মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, মাদক তরুণ সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। মাদকমুক্ত সমাজ গড়তে জামালপুর জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদক ব্যবসা ও চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। মাদকসংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানান তিনি।

