চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
শিক্ষার গুণগত মান উন্নয়ন ও জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ শিক্ষক সমিতি, চারঘাট উপজেলা শাখার আয়োজনে তাঁকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। একই সঙ্গে অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে চেক বিতরণ করেন তিনি।
এমপি আবু সাঈদ চাঁদ বলেন, শিক্ষকেরা জাতি গঠনের কারিগর। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে শিক্ষকদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একটি শিক্ষিত, উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে শিক্ষকসমাজের অবদান অনস্বীকার্য।
তিনি আরও বলেন, শিক্ষকদের সম্মান ও মর্যাদা রক্ষা করা সবার দায়িত্ব। শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। অবসরপ্রাপ্ত শিক্ষকেরা দীর্ঘ কর্মজীবনে শিক্ষা বিস্তারে যে অবদান রেখেছেন, তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে।
বাংলাদেশ শিক্ষক সমিতির চারঘাট উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, চারঘাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইয়াকুব আলী, উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লায়লা আখতার জাহান, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহেদুল ইসলাম, শিক্ষক সমিতির সহসভাপতি মোমিনুল হক, সাধারণ সম্পাদক এ কে এম রশিদুল হাসান ও সাংগঠনিক সম্পাদক তারেকুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক আব্দুল বারী। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

