কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে উপজেলার ৭৫টি পূজামণ্ডপে পূজা-অর্চনা শেষে দেবী দুর্গাসহ অন্যান্য প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
সকালে দেবীর চরণে শেষ অঞ্জলি নিবেদন করে বিদায় জানান ভক্তরা। ঢাকের বাদ্য, শঙ্খ ও উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে পূজামণ্ডপগুলো। বিকেল থেকে বিভিন্ন মণ্ডপের প্রতিমা নিয়ে শোভাযাত্রা বের হয়। এর মধ্যে তিস্তা নদীতে অধিকাংশ প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এ ছাড়া উপজেলার অন্যান্য নির্ধারিত স্থানেও প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়।
উৎসবের শেষ দিনের আয়োজন নির্বিঘ্ন করতে পূজামণ্ডপ, শোভাযাত্রা ও বিসর্জনস্থলে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।
উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক বিজয় গোস্বামী বকুল বলেন, দেবী দুর্গা প্রতিবছর মর্ত্যে আসেন অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির প্রতিষ্ঠার বার্তা নিয়ে। পূজা শেষে তাঁর কৈলাসে প্রত্যাবর্তনে ভক্তদের মধ্যে অশ্রুসিক্ত বিদায়ের আবহ তৈরি হয়।

