Nabadhara
ঢাকাশুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তরুণীর সিঁথিতে সিঁদুর দিতে চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫

জয়পুরহাট প্রতিনিধি
অক্টোবর ২৩, ২০২৬ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের কালাইয়ে এক তরুণীর সিঁথিতে সিঁদুর দিতে চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই নারীসহ পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় বাড়িঘর ভাঙচুর, মারধর, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার পুনট ইউনিয়নের মালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হলে চারজনকে সেখানে ভর্তি করা হয়। গুরুতর আহত চিচোরন চন্দ্র মালিকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন সুবর্ণা রাণী (৪০), মলিনা রানী (৫৫), গোবিন্দ চন্দ্র মালী (৪৫), জয় চন্দ্র মালী (২৫) ও চিচোরন চন্দ্র মালী (৪৬)। তাঁদের মধ্যে প্রথম তিনজন এক পক্ষের এবং বাকি দুজন অপর পক্ষের বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পল্লবী (১৫) নামের এক তরুণীর সিঁথিতে শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীর দিন সিঁদুর দিতে চেয়েছিলেন একই এলাকার দোলন (১৮) নামের এক যুবক। বিষয়টি পল্লবী তাঁর পরিবারকে জানালে পারিবারিকভাবে সমাধানের জন্য বৃহস্পতিবার রাতে সালিশের আয়োজন করা হয়। সেখানে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হন।

যুবক দোলনের অভিযোগ, সিঁদুর দিতে চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে পল্লবীর পরিবারের লোকজন তাঁদের পক্ষের লোকজনের বাড়িঘরে ভাঙচুর চালান। এ সময় একজনের পায়ের রগ কেটে দেওয়া হয় এবং আরেকজনকে মারধর করা হয়। পাশাপাশি নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করা হয়েছে বলেও তিনি দাবি করেন। এ ঘটনায় মামলা করবেন বলে জানান তিনি।

অন্যদিকে পল্লবীর বাবা শক্রু ঘন মালী বলেন, বিষয়টি মীমাংসার জন্য সালিশ বসেছিল। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষ তাঁদের ওপর হামলা চালায়। এতে তাঁদের পক্ষের তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা ভালো নয়। কিছুটা সুস্থ হলে থানায় মামলা করবেন বলে জানান তিনি।

পুনট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোরশেদ আলম বলেন, তরুণীর সিঁথিতে সিঁদুর দিতে চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বৃহস্পতিবার রাতে সালিশে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের লোকজন আহত হন।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম শুক্রবার বিকেলে বলেন, সংঘর্ষের বিষয়টি তাঁরা জেনেছেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।