ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আশকান আলী (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সাহাগোলা ইউনিয়নের রসুলপুর গ্রামে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত হাতেম আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রসুলপুর গ্রামে মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় আশকান আলীর কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আত্রাই থানায় মামলা করা হয়েছে। পরে তাঁকে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে কারাগারে পাঠানো হয়েছে।

