কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেষ সময়ে জমজমাট হয়ে উঠেছে লক্ষ্মী প্রতিমা বিক্রির হাট। উপজেলার প্রায় ৩০টি স্থানে বসা এসব হাটে পূজার প্রতিমা কিনতে ভিড় করছেন সনাতন ধর্মাবলম্বীরা।
দুর্গাপূজার বিজয়া দশমীর পরদিন থেকে ঘাঘর, কালিগঞ্জ, পীড়ারবাড়ী, কান্দি, ধারাবাশাইল, শুয়াগ্রাম, চৌধুরীরহাট, কলাবাড়ি, রামশীল, ওয়াপদারহাট, নৈয়ারবাড়ি, রাধাগঞ্জ, ভাঙ্গারহাট, মনোহর মার্কেট, পশ্চিমপাড়, রাজাপুর, কুশলা, লাখিরপাড় ও হিরণসহ উপজেলার বিভিন্ন স্থানে এসব হাট বসেছে। আগামী রোববার দুপুর ১২টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত লক্ষ্মীপূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
হিরণ গ্রামের প্রতিমাশিল্পী মহেন্দ্র পাল বলেন, কোটালীপাড়ায় প্রায় ৩০টি স্থানে শত বছর ধরে লক্ষ্মী প্রতিমার হাট বসছে। তাঁদের পূর্বপুরুষেরাও এসব হাটে প্রতিমা বিক্রি করতেন। সেই ঐতিহ্য ধরে রেখে তাঁরাও প্রতিমা তৈরি করে বিক্রি করছেন।
পশ্চিমপাড় গ্রামের রঞ্জিত পাল বলেন, এ অঞ্চলের সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে লক্ষ্মীপূজা হয়। এ কারণে প্রতিটি হাটেই প্রতিমার ভালো চাহিদা রয়েছে।
তারাশী গ্রামের ক্রেতা মহাদেব সাহা বলেন, তাঁরা ছোটবেলা থেকেই ঘাঘর বাজার থেকে লক্ষ্মী প্রতিমা কিনে পূজা করে আসছেন। লক্ষ্মীদেবীর কৃপায় ঘরে ধন-সম্পদ ও ফসলের সমৃদ্ধি আসবে—এমন বিশ্বাস থেকেই তাঁরা এ পূজা করেন।
ঘাঘর বাজারে প্রতিমা কিনতে আসা বিমল বাড়ৈ জানান, তিনি ৫০০ টাকায় একটি প্রতিমা কিনেছেন। বাজারে ২০০ টাকা থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত দামের প্রতিমা পাওয়া যাচ্ছে।
সাংবাদিক রতন সেন কংকন বলেন, ছোটবেলা থেকেই কোটালীপাড়ার বিভিন্ন হাটে লক্ষ্মী প্রতিমা বিক্রির দৃশ্য দেখে আসছেন। বংশপরম্পরায় এসব হাট থেকে প্রতিমা কিনে পূজা করে আসছেন তাঁরা।
সাংবাদিক গৌরাঙ্গলাল দাস বলেন, লক্ষ্মীপূজাকে কেন্দ্র করে পাঁচ-ছয় দিন আগে থেকেই উপজেলার বিভিন্ন স্থানে প্রতিমার হাট বসে। উৎসবমুখর পরিবেশে ভক্তরা প্রতিমা কেনাকাটা করেন। এসব ঐতিহ্যবাহী হাট আগামী দিনেও টিকে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

