শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুস্থ, অসহায়, রোগাক্রান্ত, প্রতিবন্ধী ও গৃহহীন ২৫ জনের মাঝে বিশেষ অনুদান প্রদান করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসন ভবনের সম্মেলনকক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২ লাখ ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়।
অনুদান প্রদান অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিবগঞ্জ উপজেলা আমির মাওলানা সাদিকুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক আব্দুল মান্নান, সেক্রেটারি মো. বাবুল ইসলাম ও শিবগঞ্জ পৌরসভার আমির আবু বকর সিদ্দিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য ড. কেরামত আলী বলেন, “এ আসনের প্রত্যেক নাগরিকের দায়িত্ব আমার কাঁধে রয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ের অসহায় মানুষ সহযোগিতার আবেদন করেছেন। বরাদ্দ ও তাঁদের সমস্যা বিবেচনায় আজ ২৫ জনকে এ অনুদান দেওয়া হলো। এর আগেও অনেক অসহায় মানুষকে সহযোগিতা করা হয়েছে।”
তিনি সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে সব সময় অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

