বাগেরহাট প্রতিনিধি
পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।”
রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির পাশাপাশি সবার জীবনযাত্রার মান উন্নয়নে অর্থনৈতিক অগ্রগতি প্রয়োজন। তবে এ ক্ষেত্রে বেকারত্ব একটি বড় সমস্যা। প্রতিবছর ২৫ থেকে ৩০ লাখ শিক্ষিত বেকার নতুন করে বেকারত্বের তালিকায় যুক্ত হচ্ছেন।
মাদক নিয়ন্ত্রণে সরকারের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান রয়েছে। কিশোর গ্যাং নির্মূলেও পুলিশকে সহযোগিতা করতে হবে। অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ এবং জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
জনসচেতনতা বৃদ্ধি, জনসম্পৃক্ত পুলিশিং জোরদার এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।
বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন এবং সরকারি পিসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক পারভীন আক্তার।
সমাবেশে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করা, অপরাধ প্রতিরোধে জনসাধারণের অংশগ্রহণ বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

