হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার জিনারী ইউনিয়নের হাজীপুর বাজারে এ সংঘর্ষ ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা নিয়ে সাবেক চেয়ারম্যান আবদুল কুদ্দুছ ও মো. আজহারের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে রোববার দুপুরে দুই পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০ থেকে ১৫ জন আহত হন।
খবর পেয়ে হোসেনপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জিনারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম রহিদ বলেন, সাবেক চেয়ারম্যান আবদুল কুদ্দুছের লোকজন ও নতুন চেয়ারম্যান প্রার্থী আজহারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

