যশোর প্রতিনিধি
ক্লাসে নিয়মিত উপস্থিত না থাকায় যশোর সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের কিছু শিক্ষার্থীকে বাধ্যতামূলকভাবে ছাড়পত্র (টিসি) নেওয়ার নির্দেশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এ বিষয়ে শিক্ষার্থীদের রোল নম্বর উল্লেখ করে কলেজে নোটিশ টানানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, বারবার সতর্ক করার পরও যেসব শিক্ষার্থী নিয়মিত ক্লাসে উপস্থিত হয়নি, তাদের আগামী ২৯ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে কলেজ থেকে ছাড়পত্র নিতে হবে। হঠাৎ এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন সংশ্লিষ্ট ছাত্রী ও তাঁদের অভিভাবকেরা। নির্ধারিত সময়ের মধ্যে টিসি নিলে শিক্ষাজীবনে কী ধরনের জটিলতা তৈরি হতে পারে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা। মানবিক দিক বিবেচনায় শিক্ষার্থীদের আরও একটি সুযোগ দেওয়ার জন্য কলেজ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন অনেক অভিভাবক।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক সেলিনা খাতুন জানান, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যেই এ কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

