জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে দিলীপ কুমার মাঝি হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. তসরুজ্জামান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মোজাম পাঁচবিবি উপজেলার কুসুম্বা গ্রামের মৃত সোলেমানের ছেলে। তিনি পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, একই গ্রামের বাসিন্দা মোজাম বিভিন্ন সময় দিলীপ কুমার মাঝির স্ত্রীকে কুপ্রস্তাব দিতেন। বিষয়টি দিলীপ ও তাঁর পরিবারকে জানানো হলে মোজাম ক্ষুব্ধ হন। ২০০৩ সালের ২০ মে রাতে দিলীপ প্রস্রাব করতে ঘরের বাইরে গেলে মোজাম এক সহযোগীকে নিয়ে বাড়িতে প্রবেশ করেন। এ সময় তাঁর স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করা হয়। পরে দিলীপ ঘরে ফিরলে তাঁকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ঘরের বাঁশের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। পরদিন সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
প্রথমে ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও পরে পুলিশ তদন্তে হত্যার সত্যতা পায়। এ ঘটনায় পাঁচবিবি থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম পাশা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার আদালত এ রায় দেন।

