বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তারের পর আমান উল্লাহ উদয় নামে এক ছাত্রদল নেতাকে সংগঠনের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীম ও সদস্যসচিব বায়েজীদ আল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের গুরুতর অভিযোগে ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ উদয়কে তাঁর পদসহ সংগঠনের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে গত শনিবার (২৪ অক্টোবর) রাতে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণবপাড়া এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) অভিযান চালায়। এ সময় ২১৭ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ ও ১৫০ সিসির একটি সুজুকি মোটরসাইকেলসহ ছাত্রদল নেতা আমান উল্লাহ উদয় এবং আরও চারজনকে আটক করা হয়।
পরে রোববার (২৫ অক্টোবর) দুপুরে আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হয়।
মাদকসহ গ্রেপ্তারের ঘটনায় ছাত্রদল নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। দলীয় শৃঙ্খলা বজায় রাখতেই দ্রুত এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

