ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের এজলাস উদ্বোধন করা হয়েছে। স্থানীয় পর্যায়ে বিচারসেবা সহজলভ্য করা এবং ছোটখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বুধবার (২৮ অক্টোবর) দুপুরে এ উদ্বোধন করা হয়।
পাঁচুপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। পাঁচুপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মো. আবুল কালাম ফৌজদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম এবং পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নিয়ামত আলী বাবু।
এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য ও সুধীজন উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, গ্রাম আদালতের কার্যক্রম চালুর ফলে সাধারণ মানুষ স্থানীয় পর্যায়ে কম খরচে ও দ্রুত সময়ে ছোটখাটো বিরোধের প্রতিকার পাবেন। এতে বিচারপ্রার্থীদের দীর্ঘসূত্রতা ও ভোগান্তি অনেকাংশে কমে আসবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে গ্রাম আদালতের এজলাসের উদ্বোধনী ফলক উন্মোচন করা হয় এবং এর কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

