নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
তৈরি পোশাকশিল্পে শ্রম অসন্তোষ নিরসন ও শান্ত পরিবেশ ফিরিয়ে আনতে আগামী এক সপ্তাহের মধ্যে মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলনকক্ষে ‘সার্বিক শ্রম পরিস্থিতি ও নিরাপদ অভিবাসন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, একটি স্বার্থান্বেষী মহল মজুরি বোর্ড নিয়ে ভুল তথ্য ছড়িয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। শ্রমিক নন, অথচ শ্রমিক সংগঠনের নেতা পরিচয় দিয়ে একটি পক্ষ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করছে। এ বিষয়ে মালিক, শ্রমিক ও রাজনৈতিক নেতারা সচেতন রয়েছেন।
তিনি জানান, মজুরি বোর্ড গঠনের বিষয়ে মালিক ও শ্রমিক উভয় পক্ষের প্রতিনিধিদের তালিকা পাওয়া গেছে। আগামী সাত দিনের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করে গেজেট প্রকাশ করা হবে।
সভায় কারখানার মালিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, প্রতি মাসের ৭ তারিখের মধ্যে শ্রমিকদের নিয়মিত ও বকেয়া মজুরি পরিশোধ করতে হবে।
শিল্পাঞ্চলের সমস্যা সমাধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একটি বিশেষ সমন্বিত মনিটরিং সেল গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়। জেলা প্রশাসন, পুলিশ, স্থানীয় সংসদ সদস্য, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বিজিএমইএ, বিকেএমইএ এবং মালিক-শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে এ সেল গঠন করা হবে।
মন্ত্রী জানান, এ সেলে কোনো সমস্যা জানানো হলে জেলা প্রশাসক আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের উদ্যোগ নেবেন। রাস্তায় অযথা বিশৃঙ্খলা সৃষ্টি না করে মনিটরিং সেলের মাধ্যমে সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।
গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন শ্রম ও কর্মসংস্থান সচিব মো. আব্দুর রহমান তরফদার।
সভায় উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার), শিল্প পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন পিপিএমসহ মালিক-শ্রমিক প্রতিনিধি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

