কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
একাত্তরের পরাজিত শক্তি ও ফ্যাসিস্ট শক্তি একত্রিত হয়ে বাংলাদেশে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা-পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এস এম জিলানী বলেন, “একাত্তরের পরাজিত শক্তি বাংলাদেশে নতুনভাবে আবির্ভূত হয়েছে। এই শক্তি দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের সঙ্গে গুপ্ত অবস্থানে থেকে এ দেশে রাজনীতি করেছে। গুপ্ত ও সুপ্ত শক্তি একত্রিত হয়ে বাংলাদেশে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তারা একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। তাদের বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে, যাতে তারা নতুন করে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে।”
তিনি আরও বলেন, দীর্ঘদিনের একটি রাজনৈতিক দল হিসেবে বিরোধী দলের কাছে প্রত্যাশা ছিল, তারা একটি নির্বাচিত সরকারকে দেশ পরিচালনার জন্য অন্তত এক বছর সময় দেবে। কিন্তু তা না করে তারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিরোধীদলীয় সংসদ নেতা সংসদে এক কথা বলছেন, আবার সংসদের বাইরে গিয়ে ভিন্ন কথা বলছেন। তারা কখনোই বাংলাদেশের রাষ্ট্রের পক্ষে ছিলেন না বলেও মন্তব্য করেন তিনি।
উপজেলা যুবদলের আহ্বায়ক রঞ্জন মল্লিকের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা যুবদলের সদস্যসচিব মান্নান শেখসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা বক্তব্য দেন।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদলের উদ্যোগে পৌর মার্কেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়।
এদিকে, এর আগে এস এম জিলানী উপজেলার বাগান উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশ নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।

