কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ১৭৫ বোতল স্কাফ সিরাপ ও ৮ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৯৮ হাজার টাকা।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাত ৩টা ১০ মিনিটের দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীন জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ বিলগাথুয়া মাঠে টহল দল অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৭৫ বোতল স্কাফ সিরাপ ও ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

